ত্রিদেশীয় সিরিজের আগে নতুন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লিটন দাস। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হতে যাওয়া এই লড়াইয়ে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় টাইগাররা। এরই মধ্যে দলের প্রত্যেক ক্রিকেটারকে নিজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক। সতীর্থদের মধ্যে আত্মবিশ্বাস জোগাচ্ছেন লিটন, আর দল হিসেবে ভালো করার প্রত্যাশা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে আবুধাবির তীব্র গরমের সঙ্গে মানিয়ে নেওয়াও বাংলাদেশের জন্য বড় এক পরীক্ষা।
বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তার ওপর আস্থা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির পর নতুন করে ওয়ানডেরও অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে তার আরেকটি অধ্যায় শুরু হচ্ছে।
আগামীকাল (১৭ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের হয়ে কথা বলতে আসেন মোসাদ্দেক হোসেব সৈকত। ওয়ানডের নতুন অধিনায়ককে নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, ‘গতকাল রাতেও আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় সবাই সবার দায়িত্বের জায়গা থেকে খুবই পরিষ্কার। লিটনকে আমরা সবাই আগে থেকেই চিনি, খুবই এক্সাইটেড সবাই। সে উইকেটের পেছনে দাঁড়িয়ে যেভাবে খেলাটা বুঝতে পারে, (এগুলো সুবিধাজনক)। আমার কাছে মনে হয় সে অধিনায়ক হিসেবে ভালো করবে। এখন দল হিসেবে আমরা সেটা মাঠে প্রমাণ করব ইনশাআল্লাহ।’
মোসাদ্দেক আরও জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেখানেই প্রমাণ করে দেওয়া যাবে আমরা কতটা ভালো দল। সেখানে আমার মনে হয়, সবাইকে মিলেই এখানে প্রমাণটা করতে হবে যে আমরা আসলে দল হিসেবে কতটা ভালো খেলতে পারছি। ক্রিকেটটা দলগত খেলা, এখানে দল হিসেবে কত ভালো করতে পারছি সেটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
আবুধাবিতে তীব্র গরমের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। নতুন করে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটাররাও মানিয়ে নিচ্ছে বলে দাবি মোসাদ্দেকের, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। আমাদের দেশ থেকে এখানে গরম বেশি। আজকের আবহাওয়া একটু বেশি গরম। সেখানে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা যারা পরে এসেছি। আজকে এবং কালকের অনুশীলনে আমার কাছে মনে হয় এখানে মানিয়ে নিতে পারব, প্রথম ম্যাচের আগে।’
