রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় দেশগ্রাম আশ্রয়ণ প্রকল্পের মাঠে কাদের মৃধার স্মরণে এ লাঠি খেলার আয়োজন করা হয়।
ঢোল, কাঁসা ও লাঠির তালে তালে লাঠিয়ালদের নানা কসরত দেখতে স্থানীয় বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিলুপ্তপ্রায় লোকজ সংস্কৃতি ও গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে কাদের মৃধার পরিবার এ খেলার আয়োজন করে।
পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা অভিজ্ঞ লাঠিয়ালরা তাঁদের নৈপুণ্য, আত্মরক্ষা ও আক্রমণের নানা কৌশল প্রদর্শন করেন। তাঁদের পারদর্শিতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মেলার মতো উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন দর্শনার্থীরা।
আয়োজকেরা জানান, সংস্কৃতি ও ডিজিটাল বিনোদনের প্রভাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ অনেক লোকজ সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। গ্রামীণ আনন্দ ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাঁরা এ ধরনের খেলার নিয়মিত আয়োজন করতে চান।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সদস্য মো. জামাল মুন্সী, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবি, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক হেলাল সরদারসহ বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা।
এমএ
