সাকিবুল হাছান
আট বছরে খরচ সাড়ে ৭ কোটি টাকা
নেই স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা
সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের চিন্তা
ফেনীর উত্তরাঞ্চলের ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার হাজারো পরিবার বছরের পর বছর নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূল কারণ—বারবার মেরামতের পরও টিকছে না নদীর বাঁধ। প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হলেও বাঁধ ভাঙন ও প্লাবন ঠেকানো যাচ্ছে না।
২০১১ সালে শেষ হওয়া ১৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২২ কিলোমিটার বাঁধ কয়েক বছর সুরক্ষা দিলেও ২০১৩ সাল থেকে বারবার ভাঙতে শুরু করে। এরপর প্রতি বছরই বাঁধ ভেঙে পড়ে। এক জরিপ অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত বাঁধ মেরামতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা। এ বছরও জুলাইয়ের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি প্রবল বেগে বাঁধ ভেঙে দেয়। ১১২টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়। পানি নামতেই ফুটে ওঠে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র।
২০২৪ সালের বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা। অথচ এখনও নেই স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা। তাই স্থানীয়দের দাবি—বাঁধ পুনর্নির্মাণে যেন এবার হয় কার্যকর ও টেকসই উদ্যোগ। সরকার ইতিমধ্যে সেনাবাহিনীর মাধ্যমে নতুন বাঁধ নির্মাণের চিন্তা করছে।
