শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে উপজেলার ১৫১টি পূজামণ্ডপে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৫১টি পূজামণ্ডপের অনুকূলে সরকারি বরাদ্দের ডিও লেটার (ডিমান্ড অর্ডার) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। তিনি বলেন, “দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক কাজ করছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী বা অপশক্তি যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী উপজেলার ১৫১টি পূজামণ্ডপের জন্য মণ্ডপপ্রতি ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকার সহায়তা প্রদান করেন। এর পাশাপাশি সংসদ সদস্য ফাহমিদা হক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৪৭টি মন্দিরে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান হস্তান্তর করেন।
সংসদ সদস্য ফাহমিদা হক আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিএনপির স্থানীয় পর্যবেক্ষক দল ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ২৪ ঘণ্টা বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে পূজা সহায়তার পাশাপাশি এলাকার অসচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
