কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে
কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুন

ছবির উৎস, Abdur Rahman
Published
পড়ার সময়: ১ মিনিট
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুনে অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়াস সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।
রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কক্সবাজার টেকনাফ মেরিন-ড্রাইভ সড়কের ওপর অবস্থিত।
শনিবার সকাল সোয়া সাতটার দিকে সেখানে আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বেলা ১১টার দিকে বিবিসি বাংলাকে জানান, টুপ টুপ নামের একটি রিসোর্টে আগুন লেগেছে বলে ৭টা ২৩ মিনিটের দিকে তারা খবর পান। আটটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে জানিয়ে উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, এখন পর্যন্ত ছয় জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই রিসোর্টটিতে অবস্থানকারী দুই জনের বরাত দিয়ে তিনি জানান, তারা ঘটনার সময় হাঁটতে বের হয়েছিলেন বলে বেঁচে গেছেন।
উদ্ধারকাজ এখনো চলছে বলেও জানান তিনি।

ছবির উৎস, Abdur Rahman
কতজন ছিলেন রিসোর্টটিতে?
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, তারা ঘটনাস্থলে আছেন এবং এখনো প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলছে। ফলে এখনই ঘটনা সম্পর্কে অনেককিছুই নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।
একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মিজ পান্না আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল রাতে ওই রিসোর্টে ২০ জনের মতো ছিল বলে আমরা তথ্য পাচ্ছি, যার মধ্যে দুই জন চেক আইট করে চলে গিয়েছিল। ফলে ১৮ জনের মতো ছিল বণে আমরা একটা তথ্য পাচ্ছি।
সেখানে আসলেই কতজন ছিল, যারা ছিল তাদের পরিচয় সম্পর্কে রিসোর্ট মালিক কর্তৃপক্ষের সঙ্গের কথা বলার চেষ্টা চলছে।
