নিজের টাকায় ৫ বোলারকে নিয়ে যাচ্ছেন শুবমানছবি: ANI
Published on
:
2 min read
পাখির চোখ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। প্রত্যেকটা ম্যাচই এখন ভারতের কাছে মাস্ট-উইন। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল। নিউ জ়িল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। জানা গিয়েছে, চার থেকে পাঁচ জন ব্যক্তিগত নেট বোলারকে সঙ্গে নিয়ে যাবেন গিল। আর তাঁদের সফরের যাবতীয় খরচ বহন করবেন ভারতীয় অধিনায়ক নিজেই। এই খবর নিয়ে এখন জোর চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গিলের এই বিশেষ পরিকল্পনা নিয়ে কী জানিয়েছে BCCI?
নিজের টাকায় বোলারদের নিয়ে যাচ্ছেন গিল, কী জানাল BCCI?
সাধারণত বিদেশ সফরে যাওয়া ক্রিকেটারদের অনুশীলনের জন্য নেট বোলারের ব্যবস্থা করে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডই। তবে কোনও ক্রিকেটার নিজের পকেটের টাকা খরচ করে শুধুমাত্র একার অনুশীলনের জন্য চার-পাঁচজন বোলারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, এমন উদাহরণ কার্যত নেই বললেই চলে। তাই শুবমানের এই বিশেষ উদ্যোগ নিয়ে চলছে চর্চা। এই নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই বিষয়টা বেশ অন্য রকম। শুবমান ভারতের A দলের হয়ে নিউ জ়িল্যান্ড A-র বিরুদ্ধে টেস্ট খেলছেন না। কারণ, ওঁকে ODI সিরিজ়ের ম্যাচও খেলতে হবে। তাই ২৩ বা ২৪ অক্টোবর নিউ জ়িল্যান্ডের রওনা হবেন গিল। সঙ্গে যে চার থেকে পাঁচ জন বোলার যাবেন, তাঁদের যাবতীয় খরচও শুবমানই বহন করবেন।’
ইংল্যান্ডে ৭৫৪ রান, এ বার নিউ জ়িল্যান্ডের চ্যালেঞ্জ
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে দারুণ পারফর্ম করেছিলেন শুবমান। পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল মোট ৭৫৪ রান। এ বার নিউ জ়িল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষা। তাই পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে সেখানে পৌঁছে টেস্ট সিরিজ়ের জন্য নিজেকে তৈরি করতে চাইছেন ২৬ বছর বয়সি গিল।
রঞ্জি ট্রফিতেও খেলবেন গিল
নিউ জ়িল্যান্ড সফরের আগে ঘরোয়া ক্রিকেটেও লাল বলের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। ব্যক্তিগত কারণে পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে খেলেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে মাঠে ফেরার কথা গিলের। ১৮ অক্টোবর মুল্লানপুরে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব।
