দুর্গা কৈলাশে ফিরতে না ফিরতেই দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। কথায় বলে, দুর্গার পুজো করলে লক্ষ্মীর আরাধনাও করতে হয়। উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে ধনদেবীর পুজো চলছে বাংলার ঘরে ঘরে। তবে লোকবিশ্বাস অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজো সাধারণত ওপার বাংলার মানুষেরা বা বাঙালরা করে থাকেন। আর দীপাবলির দিন অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর পুজো করেন এপার বাংলার লোকেরা। অর্থাৎ ঘটিরা। কিন্তু এসবই লোককথা। বাস্তবে এই বিভেদ ভুলে সকলেই লক্ষ্মীপুজোর দিন ধনদেবীর আরাধনা করেন। তাও এই বিশেষ তিথিতে তাঁদের বাড়ির পুজোর ইতিহাস সকলের সঙ্গে ভাগ করে নিলেন ভাস্বর চ্যাটার্জি। কী জানালেন?
এদিন সমাজমাধ্যমে লক্ষ্মীপুজোর একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেখানে তাঁকে ধুতি এবং উত্তরীয়তে দেখা যায়। পাশে রয়েছে লক্ষ্মীমূর্তি। দেখেই বোঝা যাচ্ছে সদ্যই শেষ হয়েছে দেবীর আরাধনা। এই ছবিটির সঙ্গেই তিনি তাঁদের বাড়ির লক্ষ্মীপুজোর ইতিহাস ভাগ করে নেন।
ভাস্বর চ্যাটার্জি লেখেন, 'আমরা এপারের তাই কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের নেই, দীপান্বিতা লক্ষ্মী পুজোর চল আছে। কিন্তু আমার ইচ্ছেয় এই পুজো শুরু করেছিলাম সেই ২০০১ এ... আর আজ তার পঁচিশ বছর পূর্ণ হল।' অভিনেতা এদিন আরও লেখেন, 'আমিই পুরোহিত, আমিই বাজার সরকার, আমিই হোতা... আর আছেন মা, যার আশীর্বাদ ছাড়া সম্ভব হত না।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
https://www.facebook.com/share/19dNCeeQ34/
কেবল ভাস্বর চ্যাটার্জি নন, অহনা দত্ত, অপরাজিতা আঢ্য, উত্তম কুমারের বাড়ি সহ একাধিক তারকার বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয় লক্ষ্মী দেবীর আরাধনার।
