ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রেজু মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক মো. আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষে দুটি সিএনজিচালিত অটোরিকশাই দুমড়েমুচড়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
