শজিমেক হাসপাতালের চক্ষু ওটিতে আগুন, পুড়ল চিকিৎসা সরঞ্জাম!
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারে (ওটি) আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অপারেশনে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে ওই কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। পরে খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে চক্ষু অপারেশনের কাজে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পুড়ে যায়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর এ বিষয়ে বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
