আক্রমণে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও কাজের কাজ কিছুই করতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাটলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের কৌশলের সামনে পাত্তাই পেল না সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা। উল্টো শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয়ে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাইকেল ক্যারিকের শিষ্যদের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পাবলো বারিওস ও আদেমোলা লুকম্যানের গোলে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চলতি মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে নিজেদের মাঠে ম্যাচ শুরুর মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় বারিওসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে জনি কারদোসোর করা আরেকটি গোল অবশ্য ভিএআরের সহায়তায় বাতিল করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। তবে লেনি ইয়োরোর লাল কার্ডে কঠিন হয়ে যায় তাদের লড়াই। শেষ পর্যন্ত মাইকেল ক্যারিকের অধীনে ধুঁকতে থাকা ইউনাইটেডকে আরও একবার হতাশ করেন লুকম্যান।
ম্যাচের শুরুতেই দুর্দান্তভাবে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউনাইটেডের রক্ষণ ভেদ করে আলেক্স বায়েনার বাড়ানো পাস পেয়ে যান বারিওস। তার নিচু শট আয়ডেন হেভেনের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলরক্ষক সেনি লামেন্স ঝাঁপিয়ে পড়েও বলের গতিপথ আটকাতে পারেননি।
প্রথমার্ধে ইউনাইটেডের হয়ে গোলের সবচেয়ে ভালো দুটি সুযোগ তৈরি করেছিলেন ব্রায়ান এমবেউমো। তবে তার নেওয়া প্রথম নিচু শটটি আটকে যায়। পরে কাছের পোস্ট লক্ষ্য করে নেয়া আরেকটি শটও দারুণ দক্ষতায় রুখে দেন অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক।
এরপর আক্রমণের গতি বাড়ায় অ্যাতলেটিকো। ২০ গজ দূর থেকে আলেহান্দ্রো গ্রিমালদোর বাঁকানো ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে বারিওসের পাস থেকে কারদোসো গোল করলেও, আক্রমণের শুরুতে মার্কোস ইয়োরেন্তের হাতে বল লাগায় ভিএআরের সহায়তায় গোলটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হুলিয়ান আলভারেজের ভলি পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, ব্রুনো ফার্নান্দেজের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, আরেকটি ক্রসবারে লেগে ফিরে আসে।
ম্যাচের ৭৪ মিনিটে লুকম্যানকে গোলের সুযোগ তৈরি করে দেয়ার ঘটনায় ভিএআরের পর্যালোচনার পর লাল কার্ড দেখেন লেনি ইয়োরো। এর পাঁচ মিনিট পরই এগিয়ে যায় অ্যাতলেটিকো। গ্রিমালদোর পাস থেকে ডেভিডের শট লামেন্স ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন বদলি হিসেবে নামা লুকম্যান। মাত্র আট মিনিট মাঠে থেকেই গোল করেন তিনি।
শেষদিকে মাতেউস কুনিয়ার শট ঠেকিয়ে ইউনাইটেডের ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেন অ্যাতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
টটেনহ্যামের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এই হার মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়িয়েছে। শুরুতেই গোল হজম করায় ম্যাচে পিছিয়ে পড়ে ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাদের চতুর্থবারের মতো প্রথম মিনিটে গোল হজম করার ঘটনা। অন্যদিকে, অ্যাতলেটিকোর ইতিহাসে এটি প্রতিযোগিতার দ্বিতীয় দ্রুততম গোল; এর আগে ২০২৫ সালের মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৭ সেকেন্ডে গোল করেছিলেন কনর গ্যালাঘার।
ইউনাইটেডের বিপক্ষে অ্যাতলেটিকোর অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রয়েছে। দুই দলের পাঁচ দেখায় স্প্যানিশ ক্লাবটির জয় তিনটি, ড্র দুটি। ইয়োরোর লাল কার্ডের আগ পর্যন্ত ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে লাল কার্ড দেখা ইউনাইটেডের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হলেন ইয়োরো। বদলি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ছয়বার নেমে লুকম্যানের গোল-অবদান এখন চারটি-তিন গোল ও এক অ্যাসিস্ট।
