জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকা বাজির জেরে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সাবদুল্লাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
এর আগে বুধবার সকালে জীবন্ত শালিকের কাঁচা মাংস খাওয়ার প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত পাখির শরীর থেকে চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাকে ৫০০ টাকার বাজি নিয়ে কথা বলতেও শোনা যায়।
৫০০ টাকার ভিডিওটি প্রথম প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন। তিনি জানান, রাইসুল ইসলাম নামে এক ব্যক্তি ভিডিওটি তাকে পাঠিয়েছিলেন। ভিডিওতে পাখির মাংস খেতে দেখা ব্যক্তির নাম সাবদুল্লা বলে তিনি উল্লেখ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে শনাক্তে তৎপর হয় পুলিশ। পরে বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে সাবদুল্লাকে আটক করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করেছে। বন্যপ্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে এসে পুরো ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।
ওয়াইএফ/০১
