সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয় ভর্তির এ নীতিমালা জারি করে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে একজন ভর্তিইচ্ছুক শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে। তবে দুই পালায় (ডাবল শিফট) চলা বিদ্যালয়ে উভয় পালা পছন্দ করলে দুটি বিদ্যালয় পছন্দক্রম দেওয়া হয়েছে বলে গণ্য হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়াসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে।
বিআলো/শিলি