মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে অন্তত ১৫ হাজার টাকা মূল্যের ১২ শত মিটার থাই জালসহ ১৯জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
