কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। বুধবার (১৪ অক্টোবর) সকালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
গত রোববার (১১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।
মোহাম্মদ আশরাফুল ইসলাম ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বরগুনার আমতলী থেকে ঢাকা বিভাগে বদলি করা হয়। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তাঁকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।
নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালনে তিনি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন মোঃ সূফি সাজ্জাদ আল ফোজায়েল। যোগদানের মাত্র ১৪ দিনের মাথায় গত ৫ অক্টোবর তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার এসিল্যান্ড হিসেবে বদলি হন। ফলে পদটি শূন্য হলে সেখানে মোহাম্মদ আশরাফুল ইসলামকে পদায়ন করা হয়।
