কালবেলা · সাধারণ
ভরা মৌসুমে পর্যটক শূন্য সাজেক
১২/১০/২০২৬

জেলা প্রশাসনের বন্ধের নির্দেশনার পর নিদিষ্ট সময়ের আগেই সাজেক ভ্যালি ছেড়েছেন পর্যটকরা। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও দুপুর আড়াইটার স্কটে প্রায় দেড় হাজার পর্যটক সাজেক ছেড়ে যান। একইসঙ্গে ছুটিতে চলে গেছেন রেস্তোরাঁ, রিসোর্ট ও কটেজের অনেক স্টাফ।
রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
বর্তমানে সাজেকে পর্যটকের ভরা মৌসুম চলছে। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের বরণে ব্যস্ত সময় পার করছিলেন ব্যবসায়ীরা। ঠিক তখনই এই বন্ধের খবর আসে। এতে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তবে তারা আশাবাদী প্রশাসনের প্রচেষ্টায় অতিদ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
সাজেক লুইরুই হলিডে রিসোর্টের ম্যানেজার রাশু ত্রিপুরা বলেন, আমাদের রিসোর্টে ৭টি রুমে ১৮ জন পর্যটক ছিল। তারা সকলে সকাল ও দুপুরের স্কটে সাজেক ছেড়েছেন। আমাদের একজন স্টাফও ছুটিতে চলে গেছে। আমাদের আশপাশের অনেক রিসোর্ট কটেজ, রেস্টুরেন্টের অনেক স্টাফও ছুটিতে চলে গেছে।
মূল প্রতিবেদনে যান ↗