শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের জ্বালানি ও বিনিয়োগ অবকাঠামোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।
রোববার উত্তরাঞ্চলীয় সারি শহরে ‘স্যাক্রিফাইস ফর ইরান’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুর মোকাবিলায় ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী সক্ষম।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, ইরানের জনগণের প্রতিরোধ ও প্রস্তুতিই শত্রুপক্ষের স্থল অভিযান ঠেকাতে এবং তাদের নৌযান পিছু হটতে বাধ্য করতে ভূমিকা রেখেছে।
নাকদি আরো বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ওয়াশিংটনের পরাজয়ের স্বীকারোক্তি। তার দাবি, ১২ দিনের যুদ্ধে ইরানে নিক্ষেপ করা ১৪ টন ওজনের কিছু বোমা বিস্ফোরিত হয়নি এবং সেগুলো ইরানি বাহিনীর হাতে আসে।
তিনি বলেন, ‘আমরা আমাদের ‘ক্ষেপণাস্ত্রের জনক’কে প্রস্তুত করে রেখেছি। শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাদের আক্রমণ ব্যর্থ হতে বাধ্য এবং তাদের পালানোর কোনো পথ থাকবে না।’
এর আগে, ইরানের বিরুদ্ধে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, সবচেয়ে ভারী বোমার নামের সঙ্গে ‘মাদার’ বা ‘মা’ শব্দ যুক্ত করা বর্বর সভ্যতার পরিচয়। সংশ্লিষ্ট বক্তব্যগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরো বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: প্রেস টিভি
আরএ
