ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।’
আজ সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে আলোচিত 'মক্কা প্যাক্ট' বা জোটে বাংলাদেশ যোগ দিচ্ছে কি না এবং সৌদি আরব সেনা চাইলে বাংলাদেশ পাঠাবে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সৈন্য পাঠানোর প্রশ্ন আসে। যেহেতু বাংলাদেশ এখনো যোগ দেয়নি, তাই এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই নেই। তবে সৌদি আরবের এই কঠিন সময়ে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষ সবসময় সৌদিবাসীর পাশে রয়েছে।
সৌদির মূল তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলা এবং বাংলাদেশের জ্বালানি সরবরাহের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে কোনো বড় শঙ্কা দেখছেন না তারা। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে আছেন এবং সংশ্লিষ্টদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে কোনো সমস্যা হবে না।
