কুমিল্লা-০৬ আসনে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ্
ব্যুরো চিফ কুমিল্লা
- আপডেট সময় : ১১:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে কুমিল্লা সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সম্প্রীতির অনন্য বার্তা দিয়েছেন ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ লাইনস্থ মহানগর কার্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয়।
পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, ন্যাশনাল প্রফেশনালস্ অ্যালায়েন্সের আহ্বায়ক এবং কুমিল্লা-০৬ আসনে এনসিপি মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী নাভিদ নওরোজ শাহ্।
সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা এবং পশ্চিম জোরকানানসহ বিভিন্ন এলাকার মণ্ডপ ঘুরে তিনি সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় করেন।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে নাভিদ নওরোজ শাহ্ বলেন, “বাংলাদেশ বহুজাতিক ও বহুভিত্তিক সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমান কাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন দেশের প্রতিটি প্রান্তে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন তদারকি।”
তিনি আরও বলেন, পূজার এই সময়ে দর্শনার্থী ও সাধারণ মানুষ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ট্রাফিক ভোগান্তির শিকার না হন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখা জরুরি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এনসিপির নেতাকর্মীরাও মাঠে রয়েছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি মহানগর সদস্য সচিব মাসুমুল বারী কাওসার, মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, রাশেদুল হাসান ও তানভীর; সদর দক্ষিণ উপজেলা এনসিপির সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন মজুমদার হেলাল, দক্ষিণ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া, মহানগর ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং মহানগর যুব শক্তির মুখ্য সংগঠক আয়াজ হকসহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
