অস্ত্রধারী কমান্ডোরা ঘিরে রেখেছেন সালমান খানকে
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
-->শহরের ব্যস্ত বিমানবন্দর। চারদিকে মানুষের আনাগোনা। সেই ভিড়ের মধ্যেই এগিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে তার চলার পথ ঘিরে রেখেছেন অস্ত্রধারী কমান্ডোরা। হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, চোখেমুখে সতর্কতা। তার নিরাপত্তাব্যবস্থার এমন দৃশ্যই নতুন করে নজর কেড়েছে নেটিজেনদের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ অক্টোবর মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় সালমান খানকে। এ সময় তার চারপাশে সশস্ত্র নিরাপত্তারক্ষীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বিমানবন্দরের মতো জনবহুল স্থানে অভিনেতার চলাচল ঘিরে নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করা অনিল পণ্ডিত ও হরমন সান্ধু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে ওই হামলার দায় স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হুমকি দেন তারা। এমন পরিস্থিতিতে বলিউড সুপারস্টারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য সালমান খানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ নতুন নয়। এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন এই অভিনেতা। এসব হুমকির পর তার ব্যক্তিগত নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ফলে জনসমাগমপূর্ণ স্থান থেকে শুরু করে বিমানবন্দরে যাতায়াত, সব ক্ষেত্রেই তার নিরাপত্তাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
টিকিট বিক্রি থেকেই বছরে হাজার কোটি টাকা আয় করেন কোরিয়ান যে ব্যান্ড দল
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
-->দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন এশিয়ার কনসার্টের বাজারে আয়ের শীর্ষস্থান দখল করেছে। গত এক বছরে দলটি কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ৯ কোটি ৭৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা ১৫ পয়সা হিসাবে এর পরিমাণ প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা।
মার্কিন সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের প্রকাশিত ‘এশিয়া ফোকাস চার্টস: টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় প্রথম স্থান অর্জন করেছে ১৩ সদস্যের এই ব্যান্ড। ২০২৫ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এশিয়ায় কনসার্ট থেকে আয় বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। পোলস্টারের তথ্য অনুযায়ী, এই সময়ে সেভেনটিনের কনসার্টের ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।
গত বছরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দলটি। এবার শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা। গতবার তাদের ওপরে ছিল ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে।
সেভেনটিনের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের ‘সেভেনটিন নিউ ওয়ার্ল্ড ট্যুর’। গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে শুরু হওয়া এই সফরে এশিয়ার বিভিন্ন শহরের বড় স্টেডিয়াম ও গম্বুজাকৃতির ইনডোর ভেন্যুতে পারফর্ম করেছে দলটি। ইন্ছন, হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক ও ফিলিপাইনের বুলাকানে কনসার্ট করেছে তারা। জাপানের টোকিও ডোম ও কিয়োসেরা ডোম ওসাকাসহ বিভিন্ন বড় ভেন্যু মিলিয়ে এশিয়ায় মোট ২২টি কনসার্ট করেছে ব্যান্ডটি।
হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে চারটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে যাওয়া ছিল সফরের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। পোলস্টারের তথ্য অনুযায়ী, এই স্টেডিয়ামে চারটি কনসার্টের সব টিকিট বিক্রি করা প্রথম কে-পপ শিল্পী সেভেনটিন।
কনসার্টের পাশাপাশি ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার আয়োজনেও সাড়া পেয়েছে দলটি। দক্ষিণ কোরিয়া ও জাপানে আয়োজিত ভক্ত-সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত।
আরও পড়ুন
এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
-->এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের সংগীত তারকা হামিন আহমেদ। প্রথম বাংলাদেশি হিসেবে এই কমিটিতে স্থান পেলেন এই সংগীতশিল্পী। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন হামিন আহমেদ। তবে তিনি এক্সিকিউটিভ কমিটির কোন পদে দায়িত্ব পালন করবেন, তা জানা যাবে আগামী ২৯ অক্টোবর।
২০১৬ সাল থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংগীত নির্মাতাদের কণ্ঠস্বর, কপিরাইট ও নৈতিক-অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নীতিনির্ধারক পর্যায়ে তাদের স্বার্থরক্ষায় কাজ করে এপিএমএ। এই সংগঠনের কমিটিতে জায়গা পাওয়ায় বাংলাদেশে সংগীতশিল্পীদের রয়্যালটি ও অধিকার নিয়ে কথা বলা আরও সহজ হবে বলে মনে করেন হামিন আহমেদ।
বাংলাদেশের পাশাপাশি এপিএমএর বর্তমান নির্বাহী কমিটিতে অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। এ সম্পর্কে হামিন আহমেদ জানান, সংগীতশিল্পীদের স্বত্ব, সঠিক পারিশ্রমিক না পাওয়া এবং ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোর বিপুল আয়ের বিপরীতে ক্রিয়েটরদের আয়ের বৈষম্য— এই সংকটগুলো নিরসনে কাজ করে এপিএমএ। পাশাপাশি নতুন অঞ্চলে স্বত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতেও সংগঠনটি ভূমিকা রাখছে।
এ সম্পর্কে হামিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংগীতাঙ্গনে আমার ভূমিকা বিবেচনা করে এপিএমএ থেকে বলা হয়েছে, এক্সিকিউটিভ কমিটির ইলেকশনে অংশ নিতে। ইলেকশনে অংশ নিয়ে আমি নির্বাচিত হয়েছি। ১১ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে কেউ এই কিমিটিতে নির্বাচিত হলো। ২৯ অক্টোবর জানা যাবে, আমি কোন পদে দায়িত্ব পালন করব। ২০টির বেশি দেশের প্রতিনিধিরা বর্তমানে এই প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছেন। এই ফোরামে বাংলাদেশের সংগীতাঙ্গনের কণ্ঠ ও দাবি যেন জোরালোভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’
এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সে যুক্ত হওয়ার পাশাপাশি হামিন আহমেদ বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস) এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
‘দাদির আদর’-এ তানিয়া বৃষ্টি-প্রান্ত
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
-->একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী দিলারা জামান। তার সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তবে এবার প্রথম এই প্রজন্মের তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত দিলারা জামানের সঙ্গে প্রথম অভিনয় করার সুযোগ পেলেন। নাটকের নাম ‘দাদির আদর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অসুস্থতার আগেই তিনি এই নাটকে অভিনয় করেন এবং এটা তার এখন পর্যন্ত অভিনীত সর্বশেষ নাটক। প্রান্ত জানান, নাটকটি ২২ অক্টোবর ইউটিউবে প্রচারে আসবে।
দিলারা জামান বলেন, ‘অভিনয় জীবনে অসংখ্যবার দাদির চরিত্রে অভিনয় করেছি। কিছুদিন আগেই দাদি ভয়ংকর নামের একটি নাটকে অভিনয় করেছি। আর এই দাদির আদর নাটকটি চলতি বছরের শুরুর দিকে করা। বৃষ্টি তো খুব লক্ষ্মী মেয়ে। ভীষণ ভালো অভিনয় করে। মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ভীষণ খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি। এখন আবার শুনছি, সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে। আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। কারণ কতই বা বয়স তার, এই অল্প বয়সে এত বড় কঠিন একটা অসুখ, মেনে নেওয়া যায় না। সবার কাছে বৃষ্টির জন্য দোয়া চাই। আর দাদির আদর নাটকটিরও গল্প সুন্দর। প্রান্ত নামের নতুন ছেলেটিও সুন্দর অভিনয় করেছে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘দিলারা জামান আন্টি আমাদের অভিনয় অঙ্গনের বটবৃক্ষ। তার সঙ্গে যতবারই নাটকে অভিনয় করেছি তার আদর-স্নেহ ভালোবাসায় সিক্ত হয়েছি। আর তার কাছে অভিনয় শেখার শেষ নেই এলে। তিনি অভিনয়ের পাঠশালা, আমাদের পথপ্রদর্শক। দাদির আদর নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
প্রান্ত বলেন, ‘মূলত এই নাটকে আমারই দাদির চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি দিলারা জামান আন্টি। আর তানিয়া বৃষ্টির সঙ্গে এটা ছিল তার অসুস্থ হওয়ার আগে আমার সর্বশেষ কাজ। এর আগে আমি তুহিন হোসেন ভাইয়ার পরিচালনায় জয়ীতার দিনরাত্রি নাটকে অভিনয় করেছিলাম তার সঙ্গে। দাদির আদর নাটকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য শিশির ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা।’
আরও পড়ুন
পূর্ণিমার বদলে জয়া আহসান
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
-->দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। এদিকে বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। যদিও অনেক দিন ধরেই সিনেমায় অনুপস্থিত তিনি। তবে নাটক, টেলিফিল্ম অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন এই নায়িকা।
বিচারক হিসেবেও কাজ করেছেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র। রান্নাবিষয়ক এই রিয়েলিটি শোর নতুন সিজনে দেখা যাবে না পূর্ণিমাকে। কারণ এই অনুষ্ঠানের বিচারকের আসনে থাকছেন না তিনি। নতুন সিজনে বিচারকের আসনে পূর্ণিমার বদলে দেখা যাবে জয়া আহসানকে। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছেন পূর্ণিমা। তবে নবম সিজনে তার জায়গায় দেখা যাবে জয়াকে।এক ভিডিওবার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান। রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে জয়াকে।
ভিডিওবার্তায় জয়া আহসান বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’
এবারের আসরে জয়া আহসানের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করবেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতোমধ্যে শুরু হয়েছে ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর নিবন্ধন প্রক্রিয়া। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
এদিকে মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা– সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। গত শুক্রবার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরেই তৈরি হয়েছে গুঞ্জনটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা। এ কারণেই কি পূর্ণিমা বিচারকের আসন থেকে সরে দাঁড়িয়েছেন, সেটাও স্পষ্ট করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, পূর্ণিমা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে জীবন’। এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। ছটকু আহমেদ পরিচালিত সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতা পায়নি। এ ছাড়া নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে আরও দুটি সিনেমার সঙ্গে সম্পৃক্ত পূর্ণিমা। এ দুটি সিনেমার মধ্যে ‘গাঙচিল’র কাজ অনেকটা শেষ। কিন্তু ‘জ্যাম’ সিনেমার কাজ এখনো অনেকটা বাকি। এই সিনেমা দুটির নির্মাণকাজ শেষ করা এবং মুক্তি নিয়ে শঙ্কা রয়েছে।
