মেট্রোয় আসন নিয়ে বচসা। যার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল প্রাক্তন আইএএস আধিকারিক ও তাঁর পুত্রের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রাক্তন আইএএস আধিকারিক সঞ্জয় প্রতাপ সিংকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তাঁর পুত্র সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্ধার্থ সিংকেও।
এই ঘটনার সূত্রপাত গত ৮ অক্টোবর। ৪৮ বছরের পবন শর্মা এবং তাঁর মা দুর্গা দেবী (৬৫) কে নিয়ে যমুনা বিহার যাচ্ছিলেন। মান্ডি হাউস থেকে মেট্রোয় ওঠার পর প্রবীণ নাগরিকদের বসার আসন নিয়ে বচসা শুরু হয় প্রাক্তন আমলা সঞ্জয় সিংয়ের সঙ্গে। পবন ও তাঁর মা ওই সংরক্ষিত আসনে বসেছিলেন। প্রথমে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কির পর শুরু হয় মারধর। অভিযোগ, সঞ্জয় সিং ও তাঁর পুত্রের মারে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যান পবন। দ্রুত তাঁকে মেট্রো স্টাফ এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
অভিযোগ, সঞ্জয় সিং ও তাঁর পুত্রের মারে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যান পবন। দ্রুত তাঁকে মেট্রো স্টাফ এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় গত ৯ অক্টোবর থনায় এফআইআর দায়ের করেন মৃতের মা। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে দুই অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য জানা গিয়েছে, প্রাক্তন এই আমলা সঞ্জয় সিংকে অতীতে ঘুষের মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। এবার যুবককে খুনের অভিযোগে সপুত্র জেলবন্দি হলেন প্রাক্তন এই আইএএস আধিকারিক।
