নিজস্ব প্রতিবেদক · ১৮ অক্টোবর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
দুর্গাপূজার ছুটিতে পাহাড়, নদী, ঝর্না আর সবুজ চা-বাগানে ঘেরা প্রকৃতি কন্যা সিলেটে পর্যটকরা আসতে মুরু করেছেন। পূজা উপলক্ষ্যে সরকারি ছুটি আগামী মঙ্গলবার থেকে শুরু হলেও এরই মধ্যে অনেকে আসতে শুরু করেছেন সিলেটে।
রোববার জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জের সাদা পাথর, রাতারগুল ও লালাখালের পাশাপাশি সিলেট নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলোতে ছিল পর্যটকদের ভীড়।
এদিকে দূর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে সামনে রেখে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সিলেটের পর্যটন ব্যবসায়ীরা। হোটেল-মোটেল ও রিসোর্টের অধিকাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পর্যটকের সম্ভাব্য চাপ সামলাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। ব্যবসায়ীদের প্রত্যাশা, ছুটিতে পর্যটকদের আগমন বাড়লে আবাসন, পরিবহন, খাবার ও অন্যান্য সেবার চাহিদা বাড়বে।
হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্ঠু দত্ত বলেন, ‘পূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সিলেটের হোটেল-মোটেলগুলো। জেলার ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের বেশির ভাগ কক্ষ ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে।’
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘পর্যটকদের আগমনে বাড়তি লাভের পাশাপাশি জেলার অর্থনীতি আরও চাঙা হবে। পূজার টানা পাঁচ দিনের ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা হতে পারে। এটি আমরা যারা ব্যবসায়ীরা রয়েছি তাদের প্রত্যাশিত হিসাব।
পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। তিনি বলেন, পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়ক পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপত্তা দেওয়া হবে।
গুগলে আমাদের খবর পেতে
