রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ১৬৭ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন, ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এসময় দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
