Published on
:
1 min read
এই সময়: পুজোয় স্বস্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর জামিন বাতিলের জন্য সিবিআই যে আবেদন করেছিল, তা সম্প্রতি খারিজ করে দেয় বিচার ভবনের বিশেষ সিবিআইয়ের আদালত। ফলে আপাতত জামিনেই থাকছেন পার্থ।
প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিন বাতিলের জন্য গত অগস্টে আবেদন করেছিল সিবিআই। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ ছিল, সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে, এই শর্তে পার্থকে ২০২৫–এর ২৬ সেপ্টেম্বর জামিন দিয়েছিল হাইকোর্ট। কিন্তু তিনি একবারও দেখা করেননি, তাই জামিনের শর্ত লঙ্ঘিত হয়েছে। জবাবে পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ‘শর্ত মানতে না–পারা একেবারেই অনিচ্ছাকৃত।’ তথ্য পেশ করে তিনি জানান, পার্থকে এর মধ্যে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। তাঁর একাধিক জটিল রোগও রয়েছে। তাই চিকিৎসকরা তাঁকে বেড রেস্টে থাকতে বলেছেন।
সওয়াল–জবাব শুনে বিচারক বলেন, ‘জামিন এক বার মঞ্জুর হলে তা সাধারণত বাতিল করা যায় না। জামিন দেওয়াটা যেমন নিয়ম, বাতিল করাটা ব্যতিক্রম। মেডিক্যাল রেকর্ড বলছে অভিযুক্ত অসুস্থ ও দুর্বল। চাইলে ভার্চুয়ালি তদন্তকারীর সঙ্গে দেখা করতে পারেন। তা ছাড়া তদন্ত শেষ, চার্জগঠন হয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, বিচার ব্যাহত করার কোনও চেষ্টা করছেন না অভিযুক্ত।’ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাধিক রায় উল্লেখ করে আদালত জানিয়েছে, সাক্ষীদের ভয় দেখানো, তথ্যপ্রমাণ নষ্ট করা বা দেশ ছেড়ে পালানোর চেষ্টার মতো কোনও গুরুতর অভিযোগ না–থাকলে জামিন বাতিল করা যায় না। সেই যুক্তিতেই সিবিআই-এর আবেদন খারিজ করেছে আদালত।
