নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র জানায়, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তাঁর বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, পুলিশ অভিযুক্ত আইবুরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
