কালবেলা · খেলাধুলা
বড় চমকে বাংলাদেশের দল ঘোষণা, নতুন মুখ রোনান-মাহি
২৪/১০/২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান। দুজনই বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। তাঁদের অন্তর্ভুক্তির বিপরীতে আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইমন অবশ্য ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি গোলও করেছিলেন।
জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহও।
নতুনদের মধ্যে রোনান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করেন তিনি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান খেলেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে।
মাহি খানের পথটা ভিন্ন। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই স্ট্রাইকার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন নয় গোল। বয়সভিত্তিক দলের অভিজ্ঞতা ও ক্লাবের পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন তিনি।
বাংলাদেশের ২৮ সদস্যের দল:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান।
মূল প্রতিবেদনে যান ↗