‘Resilience Starts at Home’—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় চরভদ্রাসন উপজেলা পরিষদ কমপ্লেক্সে দিবসটি উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, চরভদ্রাসন, ফরিদপুর এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা, সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা এবং পরিবার থেকেই দুর্যোগ সহনশীলতার চর্চা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে উৎসাহিত করা। দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এই বাংলা/এমএস
