দেশের মুখ্য নির্বচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনতে এককাট্টা বিরোধী শিবির। সূত্রের খবর, সংসদের আসন্ন অধিবেশনে দু’কক্ষেই নোটিস জারি করা হতে পারে। তার প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু প্রশ্ন হল, এবার যদি বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে চায়, তাহলে স্পিকার ওম বিড়লা কী পদক্ষেপ করবেন? এর আগেও বার দু’য়েক বিরোধী শিবিরের জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল। দু’বারই খারিজ হয়ে যায়। এবারও কি তাই হবে?
এর আগে জ্ঞানেশ কুমারকে সরাতে লোকসভা এবং রাজ্যসভায় প্রস্তাব আনা হয়েছিল। যদিও বিরোধীদের জারি করা নোটিস খারিজ করে দেওয়া হয়। নতুন করে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন সামনে আসার পরই মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ নিয়ে উদ্যোগী বিরোধী শিবির। ইন্ডি এবার সম্মিলিতভাবে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে সরাতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হচ্ছে বলে খবর। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাবের একটি খসড়াও তৈরি হচ্ছে। বিরোধী দলগুলি পৃথকভাবে সংসদের দুই কক্ষেই নোটিস জারি করতে পারে।
কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব এলে তিনি কী পদক্ষেপ করবেন? বৃহস্পতিবার এ নিয়ে মুখ খুলেছেন স্পিকার ওম বিড়লা। তিনি বলছেন, “ইমপিচমেন্ট প্রস্তাব আনার ক্ষেত্রে নির্দিষ্ট সাংবিধানিক পদ্ধতি রয়েছে। সংসদে প্রস্তাব জমা পড়লে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।” এর আগে চলতি বছরের মার্চ মাসে এসআইআর প্রক্রিয়ায় পক্ষপাতদুষ্ট কার্যকলাপের অভিযোগে জ্ঞানেশের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনা হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ বিরোধী সাংসদদের আনা সেই ইমপিচমেন্ট নোটিস খতিয়ে দেখার পর খারিজ করে দেন। এবার ফের যদি ইমপিচমেন্ট প্রস্তাব আসে সেটা নিয়েও আইন মেনেই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন স্পিকার ওম বিড়লা।
ভোটচুরি ইস্যুকে এবার ঐক্যবদ্ধভাবে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাইছে ইন্ডি জোট। ইতিমধ্যেই এই ইস্যুতে পথে নেমেছে বিরোধী শিবির। কড়া নাড়া হয়েছে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের। এবার সংসদের ইমপিচমেন্টের প্রস্তুতি চলছে বলে খবর।
