বড়পর্দায় ফিরছেন ঈশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি ‘প্রতাপ’-এ পূনমের চরিত্রে দেখা যাবে তাকে। প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত এই ছবিতে ঈশার চরিত্রের ‘লুক’ ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার গল্প বলবে পূনমের চরিত্র।
পূনমের কাছে পরিবারই সব। তার গোটা জীবন গড়ে উঠেছে এমন এক মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে, যাকে তিনি সবচেয়ে বেশি ভরসা করেন। কিন্তু সেই বিশ্বাসের ভিতই যদি নড়ে যায়? এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পূনমকে, যা তার দীর্ঘদিনের ধারণা ও বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করায়। তখন নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয় তাকে। আবিষ্কার করতে হয় এমন এক শক্তি, যার অস্তিত্ব সম্পর্কে আগে তার কোনও ধারণাই ছিল না। এর বেশি এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। তবে চরিত্রের আভাস থেকেই বোঝা যাচ্ছে, এই যাত্রা অভিনেত্রীর পরিচিত জীবনের গণ্ডি ছাড়িয়ে এক আবেগঘন রূপান্তরের দিকে এগোবে।
এর আগে ছবির ‘মোশন পোস্টার’ প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। সেখানে অমিত সাধকে দেখা গিয়েছে এক দক্ষ এনকাউন্টার স্পেশ্যালিস্টের চরিত্রে। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি নিয়ে তৈরি ‘প্রতাপ’-এ ব্যক্তিগত সংঘাতের সঙ্গে মিশেছে টানটান নাটকীয়তা। সেই প্রেক্ষাপটে পূনমের কাহিনি ছবিতে এক গুরুত্বপূর্ণ আবেগের স্তর যোগ করবে।
ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সচিন সরাফ। ঈশা ও অমিত ছাড়াও ছবিতে অভিনয় করছেন তিগমাংশু ধূলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজী। আগামী ২৬ অক্টোবর প্রকাশ্যে আসবে ছবির প্রচার-ঝলক। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।
