রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)

দুপুর থেকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাচারি মাঠে বিভিন্ন মন্দির থেকে একে একে আসতে শুরু করে প্রতিমাগুলো। মাঠ জুড়ে সারি সারি সাজানো প্রতিমা। ঢাকের বাদ্য, কাঁসরঘণ্টা শঙ্খের উলুধ্বনিতে মুখরিত মাঠ। ৫০ টিরও বেশি প্রতিমার রং, রূপে যেন ঝলমল করছিল চারিপাশ। সেই সঙ্গে রঙিন সাজ পোশাকে পূজারি আর ভক্তদের আনাগোনায় প্রতিমা উৎসবটি রীতিমতো জমকালো হয়ে ওঠে। গাজীপুরের শ্রীপুরে ৩০০ বছরের ঐতিহাসিক দশমী মাঠে হয়ে গেল এই প্রতিমা উৎসব।
বিকেলে শুরু হয় প্রতিমাগুলোর প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার প্রতিযোগিতা। যেসব পূজামণ্ডপের প্রতিমা প্রতিযোগিতায় স্থান অধিকার করে, সেই মণ্ডপ কমিটিকে পুরস্কৃত করা হয়। এরপর বেলা গড়াতেই সময় হয়ে আসে বিসর্জনের। উৎসবের হই হল্লা শেষে সব প্রতিমা একে একে পাশের পারুলী নদীতে বিসর্জন করা হয়। এটি এক দুই বছরের নয়, এলাকার ৩০০ বছরের ঐতিহ্য।
পূজারি রথীন্দ্র ঠাকুর বলেন, ‘আশপাশের সকল প্রতিমা একসঙ্গে এনে এমন উৎসব আর কোথাও হয় এটা আমার জানা নেই। আমাদের পূর্বপুরুষরা এ আয়োজন করে আসছে ৩০০ বছর যাবৎ। সেই ধারাবাহিকতায় আমরা করছি। এটা আমরা ধরে রাখব। সারি সারি প্রতিমাগুলো সাজানো হয়। ধর্মের বিজ্ঞগণ বিচার করেন কোন মন্দিরের প্রতিমা সুন্দর হয়েছে। এখানেও প্রতিযোগিতা হয়। এখানেও আনন্দ।’
প্রতিমা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘৩০০ বছর যাবৎ একটি মাঠে প্রতিমা উৎসব হয়ে আসছে। এটি আমাদের ঐতিহ্য। এটি হিন্দু সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আপনারা দীর্ঘ বছর ধারণ করে আসছেন। আমাদের মধ্যে যে দেশ প্রেম, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি রয়েছে-- সেটিকেও একইভাবে ধারণ করতে হবে।’

বাচ্চু বলেন, ‘আসুন আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই মিলে দেশটাকে এগিয়ে নেই। ধর্ম নিয়ে কোন বিভাজন নেই। এই বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধসহ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দর ভাবে করতে পারে সেটা বিশ্বাস করে আমার দল বিএনপি। আমাদের প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের কোথাও দুর্গাপূজায় কোন ধরনের সমস্যা হয়নি। শতভাগ নিরাপত্তার মাধ্যমে শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।’
শ্রীপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অর্জুন কুমার মণ্ডলসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক ও পূজারিরা।

