গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৫৬ জন। এর মধ্যে কুপতলা ইউনিয়নে সর্বোচ্চ ১১ জন এবং রামচন্দ্রপুর ইউনিয়নে সর্বনিম্ন একজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন ঘিরে নেতাকর্মীদের মধ্যে এই তৎপরতা শুরু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিএনপি কার্যালয় থেকে এসব ফরম সংগ্রহ করেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান জানান, ইউনিয়নভিত্তিক মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ৭ জন, মালিবাড়ী ইউনিয়নে ৫ জন, কুপতলা ইউনিয়নে ১১ জন, সাহাপাড়া ইউনিয়নে ২ জন, বল্লমঝাড় ইউনিয়নে ৬ জন, রামচন্দ্রপুর ইউনিয়নে ১ জন, বাদিয়াখালী ইউনিয়নে ২ জন, বোয়ালী ইউনিয়নে ২ জন, খোলাহাটি ইউনিয়নে ৫ জন, ঘাঘোয়া ইউনিয়নে ৪ জন, গিদারী ইউনিয়নে ৫ জন, কামারজানি ইউনিয়নে ৩ জন এবং মোল্লারচর ইউনিয়নে ৩ জন রয়েছেন। সব মিলিয়ে ১৩টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তিনি আরও জানান, রোববার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ও তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট ১৩ জনের নাম চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মনোনয়ন ফরম বিতরণের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।