জাপানে দীর্ঘ প্রবাসজীবনেও ক্যানভাসে স্বদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ জীবনের স্মৃতিচারণ করে চলেছেন বাংলাদেশি চিত্রশিল্পী কামরুল হাসান লিপু। নারীমুখ, শাপলা, শাড়ির অলংকরণ কিংবা লাল–সবুজের বিন্যাসে জন্মভূমির সঙ্গে যোগসূত্র খুঁজে ফেরেন এই শিল্পী।
শিল্পযাত্রার বিভিন্ন পর্যায় ও অনুভবের মেলবন্ধনে জাপানের ইয়োকোহামার গ্যালারি শিমিজুতে শুরু হয়েছে তার প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’ বা ‘বিন্দু থেকে সৃষ্টি’।
মঙ্গলবার বিকেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে শিল্পীর মোট ৪১টি চিত্রকর্ম স্থান পেয়েছে, প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুয়ে। এছাড়া অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপানি চিত্রশিল্পী ও ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনীর উপদেষ্টা আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, শিল্পীর কাজের একটি বড় অংশ জুড়ে রয়েছে নারীমুখ। শাড়ির ভাঁজ, ঐতিহ্যবাহী অলংকার, খোঁপার ফুল এবং মুখের নানা অভিব্যক্তিতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা রূপ। বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি এসব চিত্রকর্মে উঠে এসেছে নারীর সংবেদনশীলতা, আত্মমর্যাদা ও মানসিক দৃঢ়তার প্রকাশ। কখনো সরাসরি দৃষ্টিপাত, আবার কখনো ধ্যানমগ্ন অবয়ব দর্শককে মানুষের অন্তর্জগতের গভীরে নিয়ে যায়।
শাপলা ফুল নিয়ে শিল্পী কামরুল হাসান লিপুর শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে। টোকিওর তোয়ো ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পেইন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা করা এ শিল্পী জানান, আট বছর বয়সে তিনটি রংপেনসিল দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শাপলা এঁকে পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই স্মৃতি তার ‘বিন্দু থেকে সৃষ্টি’ ভাবনার পেছনের মূল প্রেরণা।
প্রদর্শনীতে ‘দ্য বেড গার্ল’, ‘মাধবী’, ‘মৃণালিনী’ এবং ‘বিয়ন্ড দ্য ব্লু’ শিরোনামের কাজগুলোতে নারীমুখের বিভিন্ন রূপ ও স্বকীয়তা তুলে ধরা হয়েছে। ‘দ্য শাড়ি অব স্টোরিজ’ চিত্রকর্মে নারী, ময়ূর, পাখি ও ফুলের বিন্যাসে শাড়ি হয়ে উঠেছে স্মৃতি ও গল্পের বাহন। পাশাপাশি লোকজ অলংকরণ ও রিকশাচিত্রের রঙিন আবহ পাওয়া যায় তার চিত্রশৈলীতে।
‘এক্সুরেন্স অব ওয়াটার লিলিজ’ ও ‘অ্যাওয়েটিং ব্লুম’ চিত্রকর্মে ফুল ও রঙের খেলায় জীবন ও সম্ভাবনার রূপ প্রকাশ পেয়েছে। অন্যদিকে ‘চাইল্ডহুড বিয়ন্ড দ্যাইট স্ট্রিং’ চিত্রকর্মে পুরান ঢাকার ছাদ ও ঘুড়ির স্মৃতি এবং ‘দ্য ফ্ল্যাগ অব ইন্ডিপেন্ডেন্স’ চিত্রকর্মে লাল–সবুজের উপস্থিতি শিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতাকে সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করেছে।
এর আগে লিপু ২০২৬ সালের ‘চতুর্দশ ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনী’ এবং একই বছরের ‘২৯তম সেয়া আর্ট এক্সিবিশন’-এ আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নেন। তার প্রতিষ্ঠিত ‘কাহাল আর্ট গ্রুপ’ বাংলাদেশ ও জাপানের শিল্পীদের নিয়ে কাজ করছে।
