দিনাজপুরের বীরগঞ্জে ২৩ অক্টোবর বসছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘বউমেলা’। প্রায় দুই শতাব্দীর পুরনো এ মেলা স্থানীয়ভাবে ‘বাসিয়াহাট মেলা’ বা ‘মিলনমেলা’ নামেও পরিচিত। জীবনসঙ্গী খোঁজার ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছর এ মেলায় মিলন ঘটে বিভিন্ন এলাকার মানুষের।
উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার এ মেলা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন মেলা আয়োজনের দীর্ঘদিনের রীতি রয়েছে। দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, রাজশাহী ও নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমাগম ঘটে এ আয়োজনে। মেলার অন্যতম আকর্ষণ অবিবাহিত তরুণ-তরুণীদের জীবনসঙ্গী খোঁজার সুযোগ। সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় সেজে মেলায় আসেন। তরুণরাও পরিপাটি পোশাকে হাজির হন পছন্দের জীবনসঙ্গী খোঁজার আশায়। কেউ পরিবারের সদস্যদের সঙ্গে, আবার কেউ পরিচিতজনদের নিয়ে মেলায় অংশ নেন। মেলায় পরস্পরকে পছন্দ হলে শুরু হয় পরিচয় ও পরিবারের মধ্যে আলোচনা। উভয় পক্ষের সম্মতি মিললে সামাজিক রীতিনীতি অনুসরণ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
