চট্টগ্রামের পটিয়ায় সরকারি সেবাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ এবং সেবার মান বাড়াতে ৬০টি স্থানে অভিযোগ বাক্স স্থাপন করেছেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ এনামুল হক এনাম।
অভিযোগকারীর পরিচয় গোপন রাখার পাশাপাশি অভিযোগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
রবিবার দুপুরে পটিয়ায় সংসদ সদস্যের উপজেলা কার্যালয়ের পরিদর্শনকক্ষ ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ বাক্স স্থাপনের মাধ্যমে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়।
সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, পটিয়ার বিভিন্ন সরকারি সেবামূলক কার্যালয় ও দপ্তরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও অভিযোগ বাক্স স্থাপন করা হবে।
কোনো ব্যক্তি সেবাপ্রতিষ্ঠানের বিষয়ে অভিযোগ জানাতে চাইলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ লিখিতভাবে তা জমা দিতে পারবেন। অভিযোগপত্রে নাম ও ঠিকানা উল্লেখ করা যাবে। তিনি জানান, অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং অভিযোগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
এনামুল হক এনাম বলেন, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে জনগণের কাছ থেকে নানা ধরনের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের যথাযথ নিষ্পত্তি এবং সরকারি সেবার মান উন্নত করার লক্ষ্যেই অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বাক্সগুলোর গায়ে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা রয়েছে।
পাশাপাশি জনস্বার্থে এলাকার সমস্যা তথ্য-প্রমাণসহ জানানোর আহ্বানও উল্লেখ করা হয়েছে। অভিযোগ বাক্স স্থাপনের সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী ও মঈনুল আলম ছোটন।
এ ছাড়া হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামাল, কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ ইছাক এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা