প্রকাশিত: ১৯:৪১, ২১ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে ট্রাকের পাটাতন থেকে উদ্ধারকৃত ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে মাদক নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশের দল।
নির্ধারিত স্থানে ট্রাকটি পৌঁছালে সেটি থামিয়ে চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি একটি চেম্বারে ইয়াবা লুকিয়ে রাখার কথা জানান তিনি। তাঁর দেখানো স্থান থেকে নিজ হাতে বের করে দেওয়া মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
