ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন আগামী ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে। এতে কুমিরার যাত্রীদের বিকল্প ট্রেন বা পরিবহন ব্যবহার করতে হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে এ সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি
নতুন সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
অন্যদিকে, ৭২২ নম্বর ট্রেন ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। সেখান থেকে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছবে।
ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থের ব্যবস্থা থাকবে। ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর পাশাপাশি নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এ পথে ট্রেনের সংখ্যা বেড়ে পাঁচ জোড়া হবে।
রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন। ট্রেনটির চলাচলে সময় লাগবে প্রায় ৯ ঘণ্টা ৩০ মিনিট।
তবে সংশ্লিষ্ট কর্মীদের আশঙ্কা, চট্টগ্রাম-দোহাজারী অংশের একক রেললাইন এবং কয়েকটি স্টেশনের ছোট লুপলাইনের কারণে ট্রেনের ক্রসিংয়ে জটিলতা তৈরি হতে পারে। এতে অন্য ট্রেনের সময়সূচিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নতুন সূচি কার্যকর হলে মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যাতায়াতের সুযোগ বাড়বে। তবে কুমিরা স্টেশনে যাত্রাবিরতি না থাকায় সেখানকার যাত্রীদের যাতায়াতের বিকল্প ব্যবস্থা নিতে হবে।
এসি/আপ্র/১৪/১০/২০২৬
