চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের ই-চালানে বিল অব এন্ট্রির আর নম্বর (R Number) ও সিপি নম্বর (CP Number) যুক্ত করা হয়েছে। এর ফলে কাস্টমসের শুল্ক ও কর এবং বন্দরের মাশুল পরিশোধের তথ্য সহজে যাচাই করা যাবে। জালিয়াতি রোধ ও পণ্য খালাসের প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে এ উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামীম সই করা বিজ্ঞপ্তিতে বলা গয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি রোধে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন করে এ দুটি নম্বর যুক্ত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি গেট আউট বা বন্দর এলাকা থেকে বের করার সময় ই-চালানে বিল অব এন্ট্রির আর নম্বর ও সিপি নম্বর দেখা যাবে। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা এসব নম্বরের মাধ্যমে কাস্টমসের শুল্ক ও কর এবং বন্দরের মাশুল বা চার্জ পরিশোধের তথ্য যাচাই করতে পারবেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ই-চালানে দুটি পেমেন্ট কনফার্মেশন নম্বর যুক্ত হওয়ায় কাস্টমস ও বন্দরের ফি পরিশোধের সত্যতা যাচাই করা সহজ হবে। এতে অনাকাঙ্ক্ষিত জালিয়াতি রোধের পাশাপাশি বন্দরের গেট আউট ও পণ্য সরবরাহের কার্যক্রম আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল হবে।
নতুন এ অনলাইন সুবিধা ব্যবহার করে নির্বিঘ্ন ও নিরাপদে সেবা গ্রহণের জন্য বন্দর ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
