সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠান সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে যাচ্ছে।
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় লতিফিয়া ছাত্র সংসদের ২০২৬-২৭ সালের কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, এসব দ্বীনি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাদের অনেকে উচ্চশিক্ষা শেষে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন এবং কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। নিজ নিজ অবস্থান থেকে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সিলেটকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা সিলেট নগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।
তিনি মাদ্রাসার সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ অবকাঠামোগত উন্নয়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মাদ্রাসার অধ্যক্ষ মো. কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন

