বিশ্বকাপ এলেই সমর্থকদের বড় একটি অংশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনায়। ক্লাব ফুটবলেও তেমনই এক চিরন্তন দ্বৈরথের নাম বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। শতাব্দীরও বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে উত্তেজনা আর শ্রেষ্ঠত্বের লড়াই, সবকিছুই যেন অন্য মাত্রা পায়। সেই চিরপ্রতিদ্বন্দ্বিতার আরও একটি অধ্যায় মঞ্চস্থ হতে যাচ্ছে রোববার (২৫ অক্টোবর) মাঝ রাতে। স্পটিফাই ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে দুই স্প্যানিশ পরাশক্তি। মর্যাদার এই লড়াইয়ে জয়ের পাশাপাশি প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার লক্ষ্য দুই দলেরই।
লা লিগায় দারুণ ছন্দে থাকা বার্সেলোনা চাইবে শীর্ষস্থান আরও মজবুত করতে। তবে সপ্তাহের মাঝপথে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই এখন হ্যান্সি ফ্লিকের দলের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেই এল ক্লাসিকোয় নামতে চায় রিয়াল মাদ্রিদ।
লা লিগায় দারুণ ছন্দে থাকা বার্সেলোনা চাইবে শীর্ষস্থান আরও মজবুত করতে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জোসে মোরিনিও স্পষ্ট করে দিয়েছেন, আগের পারফরম্যান্সের হিসাব এল ক্লাসিকোয় কাজে আসবে না। মোরিনিও বলেন, ‘আমরা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, ভালো খেলছি এবং গোলও করছি। কিন্তু আগে যা করেছি, ক্লাসিকোয় তার কোনো মূল্য নেই। এই ম্যাচ সম্পূর্ণ আলাদা।’
পিএসজির কাছে বার্সেলোনার হার দলটির আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে মরিনিও মনে করেন, একটি ম্যাচের হারেই কোনো দলের মানসিকতা কিংবা আত্মবিশ্বাস বদলে যায় না। তার মতে, প্রতিপক্ষের সাম্প্রতিক ফলের চেয়ে মাঠের পারফরম্যান্সই হবে বেশি গুরুত্বপূর্ণ।
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরেও রয়েছে বাড়তি আলোচনা। তবে তাকে আটকাতে আলাদা কৌশলে দলের স্বাভাবিক খেলার ধরন বদলে ফেলার পক্ষে নন মরিনিও।
ইয়ামালকে ঠেকাতে নিজেদের কৌশল বদলাবেন না মৌরিনিও।
তিনি বলেন, ‘বার্সেলোনা ও রিয়াল দুই দলেরই ভালো খেলোয়াড় রয়েছে। ইয়ামাল অসাধারণ প্রতিভাবান, তাকে সম্মান করতে হবে। তবে প্রতিপক্ষকে সম্মান করা আর তাকে ঠেকাতে নিজেদের কৌশল ও খেলার পরিচয় বদলে ফেলা এক বিষয় নয়।’
অন্যদিকে, বার্সা কোচ হান্সি ফ্লিকের চোখেও এল ক্লাসিকো ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। তার মতে, এই ম্যাচে পয়েন্টের হিসাব তিন হলেও এর গুরুত্ব আরও অনেক বেশি। রিয়ালকে সমীহ করলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রয়েছে বার্সা কোচের।
কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে বার্সেলোনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, বল নিজেদের দখলে থাকুক বা না থাকুক মাঠে খেলোয়াড়দের অবস্থান ঠিক রাখা। দুই লাইনের খেলোয়াড়দের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে এবং দলকে সুশৃঙ্খল রাখতে হবে।’
তবে বার্সেলোনার জন্য দুঃসংবাদ, চোটের কারণে এল ক্লাসিকোয় খেলতে পারবেন না কুন্দে। দানি ওলমোর শারীরিক অবস্থার বিষয়েও কথা বলেছেন ফ্লিক।
ফ্লিক বলেন, ‘দানি দারুণ ফর্মে ছিল এবং শতভাগ ফিট ছিল। কীভাবে সে চোট পেয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। কয়েকটি ম্যাচে খেলতে পারবে না বলে সে হতাশ। ওই পজিশনে আমাদের ফেরমিন ও ওলমো আছে, তবে দানিকে আমরা মিস করব।’
পরিসংখ্যানের বিচারেও ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ রয়েছে। চলতি লা লিগায় নয় ম্যাচে আট গোল করেছেন ইয়ামাল। চলতি শতাব্দীতে কোনো মৌসুমের এই পর্যায়ে ২০ বছরের কম বয়সী খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে, বার্সেলোনার বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১২ গোল করেছেন এমবাপে। একবিংশ শতাব্দীতে কাতালান ক্লাবটির বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০ গোল ও করিম বেনজেমার ১৬ গোলের পরই রয়েছে তার অবস্থান।
এল ক্লাসিকোর আগে অপ্টার সুপারকম্পিউটারের হিসাবে, বার্সার জয়ের সম্ভাবনা ৫৪.৪ শতাংশ। তবে এল ক্লাসিকোর ইতিহাস বলে, কাগজে-কলমের হিসাব মাঠের লড়াইয়ে সব সময় কাজে আসে না।
