রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন।
আজ শুক্রবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান।
এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।’
‘চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল আছে,’ যোগ করেন তিনি।
ডা. জাহিদ আরও জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান।
