বীমাদাবির মেয়াদোত্তীর্ণ অর্থ, মৃত্যুদাবি কিংবা প্রত্যর্পণ সুবিধা (সারভাইভাল বেনিফিট) প্রদানের ক্ষেত্রে বীমাগ্রহীতা বা নমিনির প্রাপ্য টাকা থেকে কেটে জোরপূর্বক বা সমন্বয়ের মাধ্যমে নতুন পলিসি ইস্যু করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বিদ্যমান আইন লঙ্ঘন করে এবং বীমা গ্রাহকদের স্বার্থহানির পাশাপাশি পুরো বীমা খাতের ক্ষতি সাধন করছে। সাম্প্রতিক সময়ে কিছু লাইফ বীমাকারী প্রতিষ্ঠান কর্তৃক বীমাগ্রহীতাদের মেয়াদোত্তীর্ণ বীমাদাবি, মৃত্যুদাবি এবং প্রত্যর্পন সুবিধা প্রদানের ক্ষেত্রে নতুন পলিসি ক্রয়ে বাধ্য করার বা পূর্বের পলিসির প্রাপ্য অর্থ থেকে প্রিমিয়াম সমন্বয় করার অভিযোগ পাওয়ার পর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সার্কুলারে জানানো হয়, বিদ্যমান আইন অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ ৯০ দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ করতে হবে। বীমাদাবির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম সমন্বয় করার কোনো সুযোগ নেই এবং এটি আইনের স্পষ্ট লঙ্ঘন।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো বীমাদাবি পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো ফি বা টাকা কর্তন না করে পুরো অর্থ সরাসরি বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে।
সার্কুলার অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ বীমাদাবির অর্থ ৯০ দিনের পরবর্তী আরও ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমা কোম্পানি পরিশোধের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ বীমাদাবির অর্থ ১২০ দিন বা এর বেশি সময় পর পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখের পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বিমাকারী নতুন পলিসি ইস্যু করতে পারবে না।
তবে মেয়াদোত্তীর্ণ বীমাদাবির প্রাপ্য অর্থ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে নতুন পলিসি ইস্যুতে কোনো বাধা থাকবে না, সার্কুলারে এমন বিধানও রাখা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বীমাদাবির অর্থ বিমাগ্রহীতার ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব কর্তন ছাড়া অন্য কোনো কর্তন করা যাবে না। আইডিআরএ-এর পরিচালক রকিবুর রহমান খান স্বাক্ষরিত এ সার্কুলারে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
