স্বাস্থ্য, আমার স্বাস্থ্যরে তোর
পেছন পেছন ছুটি
রাতের বেলায় ভাতের বদল
প্লেটের ওপর রুটি!
ত্যাগ করেছি মজার যত
খাওয়াদাওয়ার মায়া
গরু-ছাগল সব ছেড়েছি
যা কিছু চার পায়া!
সুস্থভাবে বেঁচে থাকাই
মুখ্য আমার কাছে
বিফ, মাটনের জায়গা দখল
তাই করেছে মাছে!
জালি কাবাব, মোরগ পোলাও,
কাচ্চি খাওয়া ভুলে
সুযোগ পেলেই হামলে পড়ি
মৌসুমি ফলমূলে।
অস্বাস্থ্যকর খাওয়ার স্বভাব
বদলাতে বদলাতে
সালাদ এসে যোগ দিয়েছে
প্রিয়র তালিকাতে!
আহা সালাদ, ওহো সালাদ!
লেটুস, গাজর, শসা!
তোদের খাব বলেই আমি
সকাল-দুপুর বসা!
ভালো ভালো খাবারগুলোই
আমায় এখন ডাকে
বাজার করার ব্যাগ ভরে যায়
সবজি এবং শাকে।
বোকারা খায় খারাপ খাবার
এবং খেয়ে ঠকে!
বাদ দিয়েছি কেক-চকোলেট,
কোমল পানীয়কে।
মিষ্টি খাওয়া বাদ দিয়েছি
খাই না চায়ে চিনি
করল্লাতে ভরাচ্ছি পেট
প্রায় প্রত্যেক দিনই!
সারাক্ষণই স্বাস্থ্যহানির
থাকি আশঙ্কাতে!
কামড়িয়ে খাই কাঁচা মরিচ,
নিই না লবণ পাতে।
আমার নজর ফ্ল্যাক্স, চিয়া ও
সূর্যমুখীর বীজে
বাঁচতে হলে ভালো খাবার
বাছতে হবে নিজে!
