দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে একাধিক সড়ক নির্মাণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার ঘোড়াঘাট, পালশা, সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী-হাটপাড়া সড়ক ও বানিয়াল পাকা রাস্তা। পালশা ইউনিয়নে রয়েছে পালশা ভিলেজ সড়ক। সিংড়া ইউনিয়নে চানপাড়া বাজার থেকে ভর্ণীপাড়া বাজার এবং ভর্ণাপাড়া উচ্চবিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর পর্যন্ত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। এ ছাড়া বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার থেকে কৈপাড়া হিন্দুপাড়া পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
সড়কগুলো উন্নত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবল্লু, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুল সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/
