চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবদল কর্মী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের পুত্র।
এদিকে এ ঘটনার একটি সিসি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
সিসি ফুটেজে দেখা যায়, বাড়বকুণ্ড ইউনিয়নের আলিনগর এলাকায় তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওন উপর একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে তারেক হোসেন বাপ্পিকে গুলি করে দেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে তারেক হোসেন বাপ্পিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা মো. মামুন হোসেন বলেন, স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ এর নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওন দুজনেই যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। অভিযুক্তদের শনাক্তে কাজ করছে পুলিশের টিম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
