মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায় ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শনিবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ক্লিপ তাদের হাতে এসেছে।
তিনি আরও বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
