দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
এক দিনে সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ধারাবাহিকতা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
The post ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯ appeared first on ভোরের চেতনা.
