মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি নদীর পাড়ে কাশবনসংলগ্ন একটি অস্থায়ী ইলিশের হাটের দোকান ভেঙে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে বন্দোরখোলা ইউনিয়নের কাজীরসুরা এলাকায় পদ্মা নদীর পাড়ে কাশবনসংলগ্ন একটি অস্থায়ী ইলিশের হাটের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
The post শিবচরে মা ইলিশ শিকার, ১০ জেলের ১৫ দিন করে কারাদণ্ড appeared first on Dhaka Protidin.
