ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনানিজস্ব চিত্র
Published on
:
1 min read
জামুড়িয়ার ইকড়া শিল্প তালুকে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাতে একটি বেসরকারি ইস্পাত কারখানার নির্মীয়মাণ চিমনি ভেঙে তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আহত আরও একজন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে, কারখানার তিন নম্বর ইউনিটের জন্য একটি চিমনি তৈরি হচ্ছিল। সেখানে কাজ করছিলেন চার জন শ্রমিক। আচমকাই নির্মীয়মাণ চিমনিটি ভেঙে পড়ে বলে অভিযোগ। চাপা পড়ে যান শ্রমিকরা। বিকট শব্দে ছুটে আসেন কারখানার অন্য কর্মীরা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। ছুটে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়ও।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুকান্ত পাল, বলরাম মণ্ডল ও আরও এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুকান্ত ও বলরামের বয়স জানা যায়নি। তবে দু’জনই জামুড়িয়ার বাসিন্দা। তৃতীয় শ্রমিকের নাম-পরিচয় জানা না গেলেও তিনি অসমের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয় বিধায়ক বিজন মুখোপাধ্যায় বলেন, ‘চিমনি ভেঙেই শ্রমিকদের মৃত্যু হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।’ গুরুতর আহত শ্রমিককে দুর্গাপুরের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর মৃত কর্মীদের পরিবারকে আর্থিক সাহায্য-সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বিধায়ক বিজন মুখোপাধ্যায়। সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
