যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননা পেয়েছেন রেশমী মির্জা। প্রায় ১৮ বছর ধরে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করছেন।
বাংলাদেশের লোকসংগীতে দীর্ঘদিনের সাধনা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী রেশমী মির্জা। প্রায় দেড় যুগের সংগীতজীবনে এ অর্জনকে তাঁর শিল্পীসত্তা ও সংগীতচর্চার জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রবাসে বাংলা চলচ্চিত্র, সংগীত ও বিনোদনজগতের তারকাদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডের রজতজয়ন্তী আসর। এতে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক ও সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী এবং কলাকুশলীদের সম্মানিত করা হয়।
এবারের আসরে সম্মাননা পাওয়াদের মধ্যে রয়েছেন মেগাস্টার শাকিব খান, অভিনেত্রী তমা মির্জা, নির্মাতা রায়হান রাফী, অভিনেতা জোভান, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও অভিনেতা চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপস্থাপিকা সোনিয়া হোসেন।
বাংলাদেশের সংগীতাঙ্গনে প্রায় ১৮ বছর ধরে কাজ করছেন রেশমী মির্জা। বাংলার মাটি ও মানুষের আবেগ, প্রেম, বিরহ এবং জীবনবোধের সঙ্গে জড়িয়ে থাকা লোকগানের ঐতিহ্য ধারণ করেই তিনি এগিয়ে চলেছেন।
লোকসংগীত বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক পরিসরে এই ধারার একজন শিল্পীর স্বীকৃতি বাংলা সংগীতের ঐতিহ্যকে আরও পরিচিত করার সুযোগ তৈরি করে।
প্রায় ২৫ বছরের পথচলায় ঢালিউড অ্যাওয়ার্ড প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে একটি পরিচিত আয়োজন হিসেবে জায়গা করে নিয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের শিল্পী ও কলাকুশলীদের কাজ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়।
রেশমী মির্জার এই অর্জন তাঁর দীর্ঘ সংগীতযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। লোকসংগীতের প্রতি নিষ্ঠা ও ভালোবাসাকে সঙ্গী করে আগামী দিনেও সংগীতচর্চা অব্যাহত রাখতে চান তিনি।
বিআলো/শিলি