আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে প্রশিক্ষণের মাঝ আকাশে সময় সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন।
দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়।
বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান বলেন, উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এটিভি/ এম এইচ আই
