আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবে টালমাটাল পরিস্থিতি। এর জেরে রিয়াধ, জেদ্দা, দাম্মাম এবং মদিনায় যাওয়ার ও সেখান থেকে আসার সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে বিমান সংস্থা ইন্ডিগো। মঙ্গলবার এক নির্দেশিকায় এই খবর জানিয়েছে তারা।
যাত্রীদের বিমানবন্দর যাওয়ার আগে সংস্থার ওয়েবসাইটে ফ্লাইটের বর্তমান অবস্থা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, “টিকিট কাটার সময় যে ফোন নম্বর বা ইমেল দেওয়া হয়েছিল, সেখানেই নিয়মিত সব আপডেট পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীদের যেকোনও প্রশ্ন বা সাহায্যের জন্য আমাদের টিম সব সময় প্রস্তুত আছে।”
https://x.com/IndianEmbRiyadh/status/2109905035601821886
নির্দেশিকায় আরও বলা হয়েছে, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। বিমান চলাচল নিরাপদ রাখতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি।”
অন্য দিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লাগাতার হামলার জেরে রিয়াদের আকাশ প্রায় ফাঁকা। পরিস্থিতি সামাল দিতে রিয়াধের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা আগামী শনিবার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
https://www.youtube.com/watch?v=niKbkoeEkKI
সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের পরিকাঠামো কতটা নিরাপদ এবং বিমান চলাচলের উপযোগী রয়েছে, তা খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার গভীর রাতে হুথি বিদ্রোহীরা দাবি করে যে, তারা ওই বিমানবন্দরে একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তার আগেই সৌদি আরব জানিয়েছিল, রিয়াধের দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক মিসাইল মাঝপথেই আটকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
